নিউজ ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের হানিমুন পিরিয়ড হবে একেবারেই সংক্ষিপ্ত। কাব্যিক ক্যারিয়ারের অধিকারী এই নেতা গত সপ্তাহে দেশের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২৫ বছর তিনি এ পদের জন্য লড়াই করছিলেন। সেই পদ ধরা দিয়েছে। এজন্য উৎসব করার চেয়ে তার অনুধাবন করা উচিত সামনে কী পরিস্থিতি আসছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ৭৫ বছর বয়সী দক্ষ এই রাজনীতিক ও বক্তার রয়েছে বিস্তৃত রাজনৈতিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ক্যারিশমা। কিন্তু অতীতেও তিনি ন্যায়বিচারের ক্ষেত্রে তীক্ষ্ণতায় ঘাটতি দেখিয়েছেন। কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী। তাকে অবশ্যই অর্থনৈতিক সমস্যার সমাধান, দীর্ঘদিন সংস্কারের দাবিকে দমিয়ে রাখার বিষয়ে সমাধান করতে হবে, সহজ করতে হবে জাতিগত অনাস্থা, তার সঙ্গে যে অবাধ্য জোট রয়েছে তাদেরকে আয়ত্তে রাখা দরকার তার।
গত মাসে দেশটির পার্লামেন্ট নির্বাচন হয়। এতে একটি সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে কমপক্ষে ১১২ আসনের সমর্থন দেখাতে হয়। কিন্তু প্রথমদিকে তা করতে ব্যর্থ হয় সব দল ও জোট। ফলে রাজা নতুন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার দায়িত্ব নিয়ে নেন। আনোয়ার ইব্রাহিমকে তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করেন। আনোয়ার ইব্রাহিমের সংস্কারবাদী, বহুজাতিভিত্তিক পাকাতান হারাপান (পিএইচ) জোট পার্লামেন্টের মাত্র ৮২ আসনে বিজয়ী হয়। ফলে এবারই প্রথমবারের মতো ঝুলন্ত পার্লামেন্ট গঠন হয় মালয়েশিয়ায়। রাজা আবদুল্লাহ আনোয়ার ইব্রাহিমকে সরকার গঠনের নেতৃত্ব দেয়ার জন্য বাছাই করেন। এখন সরকারের জন্য মন্ত্রিপরিষদের পদগুলো বরাদ্দ দেয়াই হলো তার জন্য প্রথম সমস্যা। নির্বাচনে উমনো এবং তার মিত্ররা মাত্র ৩০ আসনে জিতেছেন। তারা পিএইচের সঙ্গে সহযোগিতা করে। এর বিনিময়ে তাদেরকে মন্ত্রিপরিষদে কয়েকটি পদ দিতে হবে। এতে উমনো প্রেসিডেন্ট আহমেদ জাহিদকে উপ-প্রধানমন্ত্রী বানানোর কথা। সেখানে দু’জন উপ-প্রধানমন্ত্রী থাকেন। তার মধ্যে একজনের পদ দেয়ার কথা জাহিদকে। তাকে দেখা হয় সবচেয়ে শক্তিধর হিসেবে। এ পদে তাকে নিয়োগ দেয়া নিয়ে সৃষ্টি হয় বেশি বিতর্ক। তার বিরুদ্ধে আছে বহুবিধ ফৌজদারি অপরাধের অভিযোগ। এ জন্য এ পদে তাকে বসানোর তীব্র বিরোধিতা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রশাসনে তিনি অনিয়ম করেছিলেন। ১৯শে ডিসেম্বর আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া নিয়ে তার ওপর আস্থাভোট হওয়ার কথা পার্লামেন্টে। এতে তাকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে উমনো। ফলে কীভাবে এই জোট কাজ করবে সে সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। মালয়েশিয়ার নিরপেক্ষ থিংক ট্যাংক আইডিইএএসের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রিসিয়া ইয়েও বলেছেন, বর্তমান সময়ে আনোয়ার ইব্রাহিমের প্রশাসন স্থিতিশীল বলেই মনে হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসতে পারে যখন আনোয়ার ইব্রাহিমের পাস করা বিভিন্ন ইস্যুতে উমনোর পদস্থ পর্যায়ে অসন্তোষ দেখা দিতে পারে। ফলে দলগুলোর প্রধানদের মধ্যে বিভক্তি বৃদ্ধি পেতে পারে। উপরন্তু ডিসেম্বরেই হওয়ার কথা উমনোর সাধারণ অধিবেশন। দলের ভেতর যে বিভক্তি আছে, তার ওপর ভিত্তি করে অসন্তোষকে পুঁজি করে দলের ভেতর থেকেই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ওপর থেকে সমর্থন প্রত্যাহার চেয়ে ভোট হতে পারে। মিস ইয়েও বলেন, আনোয়ার ইব্রাহিম যদি ডিসেম্বরের শেষ পর্যন্ত টিকে থাকেন, তাহলে পরের বছর তাকে আরও পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ, সামনে থাকবে উমনো দলের নির্বাচন। তাতে নতুন সরকারের মেয়াদ আগামী বছর প্রথম তিন মাস টিকে থাকতে পারে। এর বাইরে আছে অর্থনীতি। করোনা মহামারির ক্ষতি এখনো কাটিয়ে উঠছে দেশটি। ২০১৮ সালে পিএইচের প্রশাসনের বিরুদ্ধে জনগণের অভিযোগ আছে। তারা বলেন, চাকরি এবং খাদ্যমূল্যের মতো ব্রেড ও বাটারের ইস্যুতে অবজ্ঞা করা হয়েছে। এর পরিবর্তে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা সামনে ঠেলে দেয়। এরই মধ্যে আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার সাধারণ শ্রেণির মানুষের জীবনযাত্রায় সহায়তা হবে তার সরকারের অগ্রাধিকার। দেশটিতে অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্য কাউকে বিশ্বাসে নিতে না পেরে এই পদটি আনোয়ার ইব্রাহিম নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মালয়েশিয়ার রাজনীতিতে বহুজাতিক বড় ফ্যাক্টর আছে। সেটা আনোয়ার ইব্রাহিমের জন্য মোটাদাগে ঝুঁকি সৃষ্টি করতে পারে। জাতিগত মালয়রা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের কিছু বেশি। সংবিধানের অধীনে বিশেষ সুরক্ষা ভোগ করে তারা। ১৯৭০-এর দশক থেকে পর্যায়ক্রমিক সরকারগুলো তাদেরকে চাকরি, ব্যবসা-বাণিজ্যে এবং শিক্ষায় অগ্রাধিকারভিত্তিক সুযোগ দিয়েছে। ১৯৪০ এর দশকে উমনো প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই এই মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। এই আলোকশিখা এখন হাতবদল হয়ে এসেছে পেরিকাতান ন্যাশনালের হাতে। তারা পিএএসের অংশীদার ও রক্ষণশীল, ইসলামপন্থি দল, মালয়ভিত্তিক বেরসাতু। তারা উমনো থেকে বেরিয়ে গিয়েছিল। ওদিকে নির্বাচনে ৭৩ আসন পাওয়া পিএন রাজার অনুরোধ প্রত্যাখ্যান করে। তারা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছে।















