ঢাকা সংবাদদাতা: চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বনানী কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে হামলা চালায়।
এতে গুরুতর আহত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ সন্ধ্যায় কর্মসূচি শুরু হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। ওনাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হচ্ছে।















