আওয়ামী লীগের হামলা: ‘প্রধানমন্ত্রীর উস্কানি’কে দায়ী করছে বিএনপি

134

ঢাকা সংবাদদাতা: জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২২ আগস্ট থেকে তৃণমূল পর্যায়ে কর্মসূচি পালন করছে বিএনপি। এরপর থেকে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হামলার ঘটনা ঘটছে। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। কোথাও আবার একই জায়গায় সমাবেশ ডাকছেন সরকার সমর্থক বিভিন্ন সংগঠন। এসব হামলার জন্য সরকারি দলকে দায়ী করছে বিএনপি।

বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্দোলন করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ আগস্ট তিনি বলেছিলেন, আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর বিএনপির উপর হামলা, মামলা, গ্রেপ্তারের বেড়েছে।

বিএনপি বলছে, ২২ আগস্ট থেকে এ পর্যন্ত মোট ৬০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ ও পুলিশের হামলায় আহত হয়েছেন ৭৭৫ জনের অধিক নেতাকর্মী, হাজারের বেশি নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগের হামলায় ১৫ জন নেতাকর্মী আহত হয়। বেলা ১টার দিকে চারান বাজারে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, শান্তিপূর্ণভাবে আলোচনা সভা চলছিলো। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ সমাবেশ-স্থলে হামলা করে। এ সময় বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে ও ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপ ও ৪টি বাস ভাঙচুর করা হয়।

এদিন ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে প্রায় ৫০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। আহত নেতাকর্মীরা ভোলা সদর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এদিন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ও যশোরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। যশোরে বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলা হয়। এ ঘটনায় বিএনপি ৫১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়।

শনিবার মাগুরা সদর ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে হামলা হয়। হামলায় ২০ জনের অধিক বিএনপি নেতাকর্মী আহত হয়। সমাবেশ-স্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এছাড়াও চট্টগ্রামের সন্দ্বীপসহ বেশ কিছু জায়গায় বিএনপির কর্মসূচিতে হামলা হয়েছে।

শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে হামলা, একই দিন রাতে যশোরে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খানের বাড়ি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়ি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। একই দিনে নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশের মঞ্চ ভাঙচুরসহ নরসিংদী, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা, পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের গাড়ি বহরে হামলা চালায় সরকার দলের স্থানীয় নেতাকর্মীরা। একই দিনে ফেনীর ছাগলনাইয়া, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, বরিশালের মেহেন্দীগঞ্জ, নোয়াখালীর সেনবাগ, খুলনার দৌলতপুর, টাঙ্গাইলের ঘাটাইল, মানিকগঞ্জের সাটুরিয়া, নেত্রকোনার কলমাকান্দা, সাতক্ষীরার শ্যামনগর, পুটয়াখালী, চট্টগ্রামের বাঁশখালী, হবিগঞ্জ, কুষ্টিয়া, রাঙ্গামাটিতে হামলার ঘটনা ঘটে।

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের প্রধান নেত্রীর বক্তব্য এবং প্রতিশ্রুতি বিশ্বাস করা মানে ভয়াবহ প্রতারণার শিকার হওয়া। কদিন আগেও তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেয়া হবে না এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের আর গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন।এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখছি বিএনপির প্রতিটি কর্মসূচির ওপর উপর্যপুরি হামলা হচ্ছে এবং রক্তাক্ত আক্রমণ চালিয়ে নিহতসহ আহত করা হচ্ছে অসংখ্য নেতাকর্মীকে।

তিনি আরো বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া দেশব্যাপী বিএনপির কর্মসূচির ওপর চলছে নারকীয় আক্রমণ এবং মিথ্যা মামলা দায়েরসহ গ্রেফতারের হিড়িক। ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে যেখানেই বিএনপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেখানেই হামলা চালিয়ে রক্ত ঝরানো হচ্ছে। এরা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশ জার্নালকে বলেন, সারাদেশে বিএনপির যে কর্মসূচি চলছে, সেখানে মানুষের সারা চোখে পড়ার মত। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আসছে। এটি সরকার সহজভাবে নিতে পারে না। যার কারণে বিভিন্ন জেলা ও থানাতে হামলা হয়েছে। অনেকে আহত হয়েছে। হামলায় কোনো কোনো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে অংশ নিতে দেখা গেছে।

বিরোধী দলের আন্দোলনে কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালে তিনি বিরোধী দলের সঙ্গে অঙ্গীকার করেছিল, মামলা হামলা করবেন না। স্বাভাবিক নির্বাচন করবেন। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করবে। এসব আশ্বাসে বিরোধী দল নির্বাচনে যায়। কিন্তু নির্বাচনে কী ভোট হয়েছে আমরা দেখেছি। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন তা তিনি রক্ষা করেননি। তিনি বলেছেন, হামলা-মামলা হবে না; কিন্তু সেই কথা তার দল ও পুলিশ মেনেছে তার সাক্ষ্যপ্রমাণ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী বললেন, কাউকে গ্রেপ্তার করা হবে না। সভা সমাবেশ করতে দেয়া হবে। ঠিক তার উল্টোটা হয়েছে। এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা কথা বলবেন একটা- কাজ করবেন আরেকটা। এভাবেই তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।