ঢাকা সংবাদদাতা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে ঢাকার মহাখালী ডিওএইচএসে তিন নম্বর রোডের দুটি ভবনের মাঝে নিচে পড়ে থাকাবস্থায় ওই তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান।
উদ্ধার হওয়া লাশটি তার গৃহকর্মী বলে নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি জানিয়েছেন, নিহতের নাম সাহিদা আক্তার। বাড়ি চট্টগ্রামে। গত ১৪ বছর ধরে তার (আকরাম খান) বাসায় কাজ করছিলেন সাহিদা।
কীভাবে মারা গেলেন সাহিদা—এমন প্রশ্নে আকরাম খান বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না। পুলিশি তদন্তের ব্যাপার, তারাই দেখুক।
ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে কীভাবে মারা গেলেন সাহিদা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সাহিদার বাঁ হাত ভাঙা এবং শরীরে কিছু জখম দেখা গেছে বলে জানিয়েছেন ওসি।















