আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা অনেক বেড়েছে।
এ বছর এখন পর্যন্ত কমপক্ষে ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। খবর আনাদোলুর।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। গত শনিবার এক দিনেই ১৯টি ছোট নৌকায় চড়ে ৯১৫ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেন্ট শহরে পৌঁছান।
এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ৮ হাজার ৭৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
এর মধ্যে শুধু গত সপ্তাহেই এসেছেন ৩ হাজার ৭৩৩ জন। গত সোমবার এসেছেন ১ হাজার ২৯৫ জন, যা এ বছর এক দিনে সর্বোচ্চ।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অভিবাসনপ্রত্যাশীদের এই চ্যানেল অতিক্রম করা থেকে বিরত রাখার চেষ্টার অংশ হিসেবে রুয়ান্ডায় অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর পরিকল্পনা উন্মোচন করেছেন।
তার এ উদ্যোগের চার মাসেরও বেশি সময় হয়ে গেছে। এই উদ্যোগের পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ১৯ হাজার ৮৭৮ জন।















