ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা অনেকটাই এক। জবাবদিহিহীন সরকারের গোয়াতুর্মির কারণে অর্থনৈতিকভাবে অকার্যকর, অপরিকল্পিত মেগা প্রকল্প গ্রহণ এবং এর জন্য গৃহীত সুদসহ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়েই শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর মিল রয়েছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১৯ জুলাই) তার বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, অভিযোগ আছে লুটপাটের কারণে, মেগা প্রকল্পগুলোতে অনেক বেশি ব্যয় হয়। ফলে ঐ প্রকল্পের আয় দিয়ে ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়তে পারে। কিন্তু যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে, তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ রূপ পেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।’
ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক ও সদ্য নিয়োগপ্রাপ্ত দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাপা আয়োজিত মতবিনিময় সভায় জি এম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে যে দল পরাজিত হবে, তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন বাস্তবতায় দাঁড়িয়েছে।















