পার্লামেন্ট দখলে মরিয়া শ্রীলংকার বিক্ষোভকারীরা

88

আন্তর্জাতিক ডেস্ক:একের পর এক সরকারি কার্যালয় দখল করে নিচ্ছে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। এমন অবস্থায় যে কোনো উপায়ে পার্লামেন্টকে রক্ষার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। নিরাপত্তা বাহিনীগুলোর উদ্দেশ্যে এক নতুন অর্ডার ইস্যু করেছেন তিনি।

শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বর্তমানে বিক্ষোভকারীদের পার্লামেন্ট এলাকা থেকে সরিয়ে দিতে কঠিন অবস্থান নিয়েছে আইনপ্রয়োগকারী বাহিনীগুলো। এতে সেখানে সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন এই সংঘাতে। তারপরেও পার্লামেন্টের বাইরে থাকা বেরিকেডের প্রথম সারি অতিক্রম করতে সক্ষম হয়েছে বিক্ষোভকারীরা। তাদের নিরস্ত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে চলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

পার্লামেন্টের সামনে সেনা সদস্যদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে আন্দোলনকারীরা। এরইমধ্যে এক সেনা সদস্যদের কাছ থেকে টি-৫৬ রাইফেল ছিনিয়ে নেয় তারা। তার কাছে থাকা ৬০টি গুলিও কেড়ে নেয়া হয়েছে।

ফলে সেই রাইফেল কেউ ব্যবহার করতে পারে এমন ঝুঁকি সৃষ্টি হয়েছে। তাছাড়া ওই সেনাকে মারধরও করেছে আন্দোলনকারীরা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাইফেল চুরির ঘটনায় নিকটস্থ পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে নেয় বিক্ষোভকারীরা। সেসময় সেখানেই ছিলেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তিনি তখন পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। বুধবার তিনি দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপ চলে যান। ওই দিনই আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নেয়। এখন তারা পার্লামেন্ট ভবনও দখল নেয়ার চেষ্টা করছে