খেলাধুলা ডেস্ক: নিজের অভিষেক ওয়ানডেতে দারুণ বোলিং করেছিলেন নাসুম আহমেদ। উইকেটাই যা পাননি। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুচে যায় সেই আক্ষেপ। এবার ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৯ রানে নাসুমের শিকার ৩ উইকেট। ম্যাচে মেহেদী মিরাজ ৪ উইকেট নিলেও ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে মূল ধসটা নামান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদই।
উইকেট শিকারের পর নাসুমের অন্যরকম উদযাপনও নজর কেড়েছে সবার। অনেকটা রিভিউ নেয়ার ভঙ্গিতে এক হাত আড়াআড়ি রেখে তার নিচে অন্য হাত খাড়াভাবে ধরে উচ্ছ্বাসে মাতেন এই স্পিনার। ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা নাসুমের কাছে উদযাপনের কারণ জানতে চান। উত্তরে নাসুম বলেন, ‘আ নিউ টাইগার ইজ কামিং।’ ড্যারেন গঙ্গাকে বিষয়টি ব্যাখ্যা করে দলের লজিস্টিক ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল বলেন, ‘আ নিউ টাইগার ইজ কামিং… এটা হলো ‘ঞ’ (হাত দিয়ে দেখিয়ে), টি-তে টাইগার। এজন্যই ওমন উদযাপন।’
প্রথম ওয়ানডেতে উইকেট না পেলেও প্রতিপক্ষের রানের চাকা আটকে রাখেন নাসুম। ৮ ওভারে খরচ করেন মাত্র ১৬ রান।
নিজের বোলিং নিয়ে এই স্পিনার বলেন, ‘খুবই রোমাঞ্চিত ছিলাম। প্রথম ম্যাচে উইকেট পাইনি, চেয়েছিলাম পরেরটায় যেন পাই। আগের মতোই জায়গায় বল করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি উইকেটে যে সহায়তা ছিল সেটি পুরোপুরি কাজে লাগানোর।’














