খেলাধুলা ডেস্ক: চলমান সিরিজের আগ পর্যন্ত, করোনা পরবর্তী সময় থেকে ১৭টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। ব্যাটার হিসেবে অধিনায়ক জো রুট সাফল্য পেলেও দল হিসেবে একের পর এক ব্যর্থতায় শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। কোচও পদত্যাগ করেন। ফলে বাধ্য হয়েই নতুন নেতৃত্ব খুঁজতে হয়েছে ইসিবিকে।
টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ব্রেন্ডন ম্যাককালামকে। আর নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অলরাউন্ডার বেন স্টোকসের কাঁধে। তিনিও জন্মসূত্রে নিউজিল্যান্ডের নাগরিক। এই দুই কিউইর যুগলবন্দিতে সাদা পোশাকে নতুন যুগের শুভ সূচনা করেছে ইংল্যান্ড।
লর্ডস টেস্টের পর ট্রেন্টব্রিজেও সফরকারী নিউজিল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা। ট্রেন্টব্রিজ টেস্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেন স্টোকস। গতকাল ম্যাচের পঞ্চম দিন ২৮৪ রানে থামে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এতে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় প্রায় আড়াই সেশনে ২৯৯ রান। টি-টোয়েন্টির এই যুগে লক্ষ্যটা সহজ মনে হলেও কার্যত এটা কঠিন ছিল। কারণ, টেস্টের পঞ্চম দিন এত অল্প সময়ে এই রান করা যেকোনো দলের জন্যই কঠিন। চাপ থাকে অনেক। কিন্তু ওই যে বললাম, নতুন যুগের শুভ সূচনা। স্টোকস-ম্যাককালামের হাত ধরে সেই কাজটিই দুর্দান্তভাবে শুরু করলো স্বাগতিকরা।















