সীতাকুণ্ডের বিস্ফোরণ নিছক দুর্ঘটনা নাকি নাশকতা: তথ্যমন্ত্রী

206
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ

ঢাকা সংবাদদাতা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদ জানিয়েছেন, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের দেখতে হবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের দেখতে হবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা। পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা করার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। কোথাও কোথাও বিশৃঙ্খলা হয়েছে। এর ধারাবাহিকতায় এখানেও (সীতাকুণ্ডে) নাশকতা সৃষ্টি করে দেশবাসীর নজর অন্য দিকে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখতে হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শনিবার রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। আহত ও দগ্ধদের মধ্যে মোট ২১০ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন, তাদের ১০২ জন এখনও ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।