ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জে গণধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ৬ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন, আরিফ ও মো. জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক।
মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ই আগস্ট রাতে রাস্তা থেকে খাদিজা নামের এক নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আসামিরা। স্বামীকে বেঁধে তারা খাদিজাকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে দুজনকে হত্যা করে রাস্তার পাশের ডোবায় ফেলে দেন। ১৬ই আগস্ট দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।















