খালেদা জিয়া হেলিকপ্টারে কক্সবাজার গেলেন না কেন: প্রশ্ন কাদেরের

714

সিলেট সংবাদদাতা: খালেদা জিয়া কেন বিমান বা হেলিকপ্টার নিয়ে কক্সবাজারে যাচ্ছেন না এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের জেলা ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসে এ প্রশ্ন তুলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে উনি মানবতা দেখাচ্ছেন না, রাজনীতি করছেন। কক্সবাজার যাওয়া শত গাড়ির তেলের টাকা দিয়ে রোহিঙ্গাদের সাহায্য করা যেত। তিনি কেন বিমান বা হেলিকপ্টারে গেলেন না?

রোহিঙ্গাদের ত্রাণের নামে দেড়শ’ গাড়ি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যানজট ‍সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আড়াইমাস খালেদা জিয়ার কোনো খবর নেই। হঠাৎ করে এসে তিনি রোহিঙ্গাদের ত্রাণ-সাহায্য দেওয়ার নাম করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন। তিনি সফরে যাচ্ছেন। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। আমাদের প্রশ্ন, তিনি ত্রাণ দিতে যাবেন, আমাদের ৪০ মিনিটের ফ্লাইট আছে। তিনি বিমানে গিয়ে ত্রাণ দিতে পারতেন!

সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া কি প্ল্যান করেছেন দেখুন, আজকে তিনি যাবেন সড়ক পথে চট্টগ্রাম। আগামীকালকে তিনি যাবেন চট্টগ্রাম থেকে কক্সবাজার। পরশুদিন আবার সড়ক পথে চট্টগ্রাম। তারপরের দিন তিনি চট্টগ্রাম থেকে আসবেন ঢাকায়। আপনারা বলুন, এটার উদ্দেশ্য কি ত্রাণ? উদ্দেশ্য কি মানবিক? উদ্দেশ্য তার রাজনৈতিক, উপলক্ষ মানবিক।

ওবায়দুল কাদের বলেন, খালেদার সফরের তিনদিনে এই গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে যাবে। দেড়শ’ গাড়ি নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। তার যদি রোহিঙ্গাদের প্রতি দরদ থাকতো তবে এতো গাড়ির যে তেল খরচ হবে সেই টাকাটা তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকাপ্টারে করে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে মৌলভীবাজারে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আধাঘণ্টা সার্কিট হাউজে অবস্থান করে সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলনস্থলে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমেদের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।