আন্তর্জাতিক ডেস্ক: আরেকটি লংমার্চের ঘোষণা দেয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। প্রথম লংমার্চের মতোই আবার লংমার্চ করলে তখনও ইমরান খানের পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রবেশ করতে দেয়া হবে না রাজধানী ইসলামাবাদে। মঙ্গলবার মন্ত্রীপরিষদের মিটিংয়ের কয়েক ঘন্টা পরে এ সতর্কতা দেন তিনি। রানা সানাউল্লাহ বলেন, আবার তারা লংমার্চ করতে চাইছে। আমিও এবার দেখে নেবো তারা কিভাবে বাধা অতিক্রম করে। মঙ্গলবারের এক টুইটে তিনি বলেন, আরেকটি লংমার্চ ঘোষণা দেয়ায় পিটিআইকে আমি সতর্ক করছি। একটি বিষয় আমি তাদেরকে বলতে চাই। তাহলো যখনই লংমার্চ ঘোষণা করুক তারা তাদেরকে আসতে দিন। দেখবো কিভাবে বাধা অতিক্রম করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।
গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে আজাদি মার্চ করেছে ইমরান খানের পিটিআই।
ওই সময় কেন্দ্রীয় রাজধানী রণক্ষেত্রে পরিণত হয়। ইমরান খানের গাড়িবহর ইসলামাবাদে প্রবেশ করে ডি-চকের দিকে অগ্রসর হতে থাকলে তার নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এইচ৯ এবং জি৯ এলাকার মধ্যে র্যালি করার নির্দেশনা দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারা তা অমান্য করে।
ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সতর্কতার পরই তার কড়া সমালোচনা করেছে পিটিআই। তারা বলেছে, এর মধ্য দিয়ে মন্ত্রী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হুমকি দিচ্ছেন। কিন্তু জাতি সবসময় সাহস প্রদর্শন করবে। তাদেরকে ‘দাসেরা’ থামাতে পারবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে দলটি খুনি হিসেবে অভিহিত করে। বলা হয়, ২৫ শে মে নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছেন তিনি।
ওদিকে মঙ্গলবার লাহোরের একটি বিশেষ আদালত মাদকের মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য্য করেছে ২৫শে জুন। এদিন তাকে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাকে ২০১৯ সালের জুলাই মাসে আগের সরকারের মাদক বিরোধী বাহিনী গ্রেপ্তার করেছিল। অভিযোগ করা হয়েছিল যে, তার গাড়িতে ১৫ কেজি হেরোইন পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা।















