‘হাউজকিপারদেরই সফল মনে করে মার্কিনিরা’

795

আন্তর্জাতিক ডেস্ক: সফলতার কি মাপকাঠি আছে? হয়তো বলা মুশকিল। কিন্তু অধিকাংশ মার্কিনিই মনে করেন তিনি যদি হাউজকিপার হতেন, তবেই নিজেকে সফল মনে করতেন। সম্প্রতি মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ডিসকভার ফিন্যান্সিয়াল সার্ভিসেসের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর সিএনএনের।

গবেষণা জরিপে এক হাজার মার্কিনির কাছে জানতে চাওয়া হয়- কোন পেশায় তারা নিজেদের সফল মনে করেন? ৫৩ শতাংশই মার্কিনিই জানিয়েছে, তারা হাউজকিপারদেরই সত্যিকার অর্থেই সফল মনে করেন।

উত্তরদাতাদের ৪০ শতাংশ জানিয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা আর ৩৯ শতাংশ বলেছেন তারা মালী হলেই নিজেদের সফল মনে করবেন।
অন্যদিকে ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন ব্যক্তিগত প্রশিক্ষক হলেই নিজেকে সফল মনে করতেন।

গবেষণায় অংশগ্রহণকারীদের ১০ জনের নয়জনই বলেছেন, ভ্রমণ করতে পারাটা সফলতার অন্যতম একটি মাপকাঠি।
এর আগের এক গবেষণায় বলা হয় মার্কিনিদের এক বড় অংশ সম্পদশালী হওয়াকেই উপভোগ্য মনে করেন।

কিন্তু বাস্তবতা ভিন্ন। অধিকাংশ মার্কিনিই বর্তমান আয় নিয়ে সন্তুষ্ট নন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শেয়ারবাজার চাঙ্গা হলেও মার্কিনিদের সার্বিক আর্থিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলে সিএনএন জানায়।

খবরে আরো বলা হয়, চাকরির বাজার শক্ত অবস্থানে থাকলেও মজুরি বৃদ্ধির হার দুর্বল। অন্যদিকে সাধারণ মার্কিনিরা মূল্যস্ফীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে প্রতিনিয়তই হিমশিম খাচ্ছে।