সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে ধান কাটার সময় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ধীতপুর গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৬০) ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে দিনভর ধানকাটায় ব্যস্ত ছিলেন ৮ থেকে ১০ শ্রমিক। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পান তারা। এসময় সবাই হাওড় থেকে নিরাপদ স্থানের দিকে দৌড়াচ্ছিলেন। পথেই দুই শ্রমিক বজ্রপাতে আহত হন।
তাদের আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, বজ্রপাতে দুই ধানকাটার শ্রমিক নিহত হয়েছেন।












