আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে বড় ধরনের এক বিস্ফোরণে দেশটির কন তুম শহরে এক দম্পতি নিহত হয়েছে। এ ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে যুদ্ধকালীন অবিস্ফোরিত একটি বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
তারা বলছে, সোমবার অপ্রত্যাশিত গ্রেনেড বিস্ফোরণে সেখানে ওই স্বামী এবং স্ত্রী নিহত হয়। আহত হয় তাদের ছেলে-মেয়ে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, পেশায় লোহা-লক্কর সংগ্রহকারী ওই ব্যক্তি বোমাটি নিষ্ক্রিয় করার সময় এই হতাহতের ঘটনা ঘটে।
ভিয়েতনামের লোহা-লক্কর সংগ্রহকারীরা অবিস্ফোরিত বোমা, মাইন, গ্রেনেড দেখতে পেয়ে তা সংগ্রহ করে। এছাড়া দেশটির শিশুরা খেলনা ভেবে পরিত্যক্ত বোমা বা গ্রেনেড খেলাধুলার জন্য ব্যবহার করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়ে মারা যাচ্ছে।
১৯৬৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের সেনারা দেশটিতে বিপুল পরিমাণ বোমা, মাইন, গোলাবারুদ বিভিন্ন জায়গায় মজুদ বা পুঁতে রেখে ছিলো। তার মধ্যে ১০ ভাগ অবিস্ফোরিত রয়ে যায়।
জাতিসংঘের তথ্যানুযায়ী ১৯৭৫ সালে ভিয়েতনামে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এক লাখ চার হাজার মানুষ নিহত হয়েছে।
এদিকে ভিয়েতনামের সরকারি সূত্র বলছে, বোমার আঘাতে প্রতিবছর দেশটিতে ১৫০০ মানুষ নিহত হচ্ছে।















