লন্ডন থেকে দেশে না ফিরে সৌদি গেলেন নওয়াজ

972

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে দেশে ফেরার পূর্ব মুহূর্তে হঠাৎ করেই সৌদি আরবে গেছেন। সেখানে তিনি প্রথমে পবিত্র ওমরাহ পালন করবেন। এর পর জেদ্দায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে কয়েক দিনের মধ্যে দেশ ফিরবেন পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের প্রধান নওয়াজ।

জানা গেছে, ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ শরিফ। সেখান থেকে আজ মঙ্গলবার তার লাহোর ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি সফর পরিকল্পনা পরিবর্তন করে ওমরাহ পালন করতে সৌদি চলে যান।

এদিকে আগামী বৃহস্পতিবার নওয়াজের মেয়ে মরিয়ম ও জামাতা ক্যাপ্টেন (অব:) মুহাম্মাদ সফদারসহ ইসলামাবাদের জবাবদিহিতা আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর দায়ের করা দুর্নীতি মামলায় এ দিন তাদের হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ দিন দুর্নীতি তদন্তকারী শীর্ষ কর্মকর্তা নওয়াজ শরিফ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিভিন্ন তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করবেন বলে জানা গেছে। গত ২৮ জুলাই পানামাগেট মামলার রায়ে আদালত শরিফ ও তার অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে দুর্নীতির তথ্যপ্রমাণ সংগ্রহ ও যৌথ তদন্ত দলের কাছে পেশ করার নির্দেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ জুলাই পানামাগেট মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এর পর তিনি পদত্যাগ করেন।