সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

653

ঢাকা সংবাদদাতা: ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত। ভারত বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল।

সুষমা আরো বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে নয়া দিল্লি।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাক্ষাৎ করতে গেলে সুষমা এসব কথা বলেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল আরো জানান, সার্বিক বিষয়ে আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠকটি ফলপ্রসু হয়েছে।

বৈঠকের বরাত দিয়ে মির্জা ফখরুল আরো বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সৌহদ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনায় দুদেশের যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা কিভাবে আরো শক্তিশালী ও এগিয়ে নিয়ে যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বৈঠকের এক পর্যায়ে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়া রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় তুলে ধরেন। খালেদা জিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন, রোহিঙ্গা সংকট একটি বড় সমস্যা। এটা দ্রুত সমাধান করতে হবে। বাংলাদেশে সাময়িকভাবে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদেরকে মায়ানমারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের নিরাপদ একটা অবস্থা তৈরি করতে হবে।’

ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়ে বলেছেন, ‘আমরাও এটাই চাই, রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের দেশে ফিরে যেতে পারে।’

মির্জা ফখরুল জানান, মায়ানমার সরকারের ওপর ভারত তাদের চাপ অব্যাহত রেখেছে। তারাও আশা করেন একটি নিরাপদ পরিবেশে রোহিঙ্গারা যাতে ফিরে যেতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেছেন। বর্তমান সমস্যাগুলো তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সমস্যাগুলোর কথা শুনেছেন এবং ইতিবাচক ভূমিকার কথা বলেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। তারাও চায় বিশ্বের অন্যান দেশ এবং প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকুক এবং গণতান্ত্রিকভাবেই সরকার নির্বাচিত হোক। একইভাবে বাংলাদেশে আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।’

ফখরুল এও বলেন, ‘নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় তারা (ভারত) তা প্রত্যাশা করেন।’

প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ প্রমুখ।

বৈঠককালে সুষমা স্বরাজের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।

রবিবার রাতে হোটেল সোনারগাঁওয়ে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে বৈঠকে অংশ নিতে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁওয়ে পৌঁছেন বেগম খালেদা জিয়া। হোটেল সোনারগাঁওয়ে রাত ৮ টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে সর্বশেষ বৈঠকটি হয় ২০১৪ সালের ২৭ জুন। হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা ২৭ মিনিটে অনুষ্ঠিত সে বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলগীরসহ ৫জন সিনিয়র নেতা অংশ নেন। তারও আগে ২০১২ সালে ভারত সফরকালে সুষমা স্বরাজের সঙ্গে তার সরকারি বাসভবন বৈঠক করেন খালেদা জিয়া।

এর আগে ২০১২ সালের অক্টোবরে এক সপ্তাহের ভারত সফর করে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷

বিএনপি দলনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় সফরে ভারতে যান গত ২৮ অক্টোবর৷

সফর শেষে বিমানবন্দরে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি যে আন্তরিকতা ও আতিথেয়তা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। আমি মনে করি এ সফর সফল হয়েছে।’

প্রায় সপ্তাহব্যাপী এ সফরে খালেদা জিয়া ভারতের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সঙ্গে বৈঠক করেছেন। তবে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সাক্ষাত হবার কথা থাকলেও তা হয়নি ।

এসব বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, সন্ত্রাসবাদ, বাণিজ্য সম্প্রসারণ, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের মাটিকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেয়ার কথা বলে খালেদা জিয়া এখন দেশে-বিদেশে তুমুল আলোচিত৷ আর বিএনপির চেয়ারপার্সনের নতুন এই অবস্থান নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ তিনি বলেন, ‘ভারত এগিয়ে এসেছে বলে বিএনপিও এগিয়ে গেছে৷ আর এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সুসম্পর্ক রচিত হলো৷ এরপর সমতার ভিত্তিতে সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা হবে৷ এই যুগে যুদ্ধ করে কিছু হয় না৷’