আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বেলগোরদ শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ দাবি করেছেন, ইউক্রেনের সেনারা শহরের তেল ডিপোতে হামলা করেছেন। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষা রাশিয়ার একটি শহর। দুই দিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ দাবি করেন, শুক্রবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এই ঘটনায় সেখানে আগুন লাগে। আহত হয় দুইজন। তবে তা গুরুতর কিছু নয়। দমকলবাহীনি সেখানে কাজ করছে। আশপাশের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, ইউক্রেন থেকে এই ঘটনার কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে তারা কোনো মন্তব্যও করেনি।















