ওয়ানবাংলানিউজ: কেবল নারী শিল্পীদের শিল্পকর্ম নিয়ে লেসটারশায়ারে চলছে এক ইসলামিক আর্ট প্রদর্শনী। লেসটারে কেবল নারীদের ইসলামিক শিল্পকর্ম নিয়ে এটিই প্রথম প্রদর্শনী। প্রদর্শনী আয়োজনে আর্থিক সহায়তা দিয়েছে আর্টস কাউন্সিল। আর আয়োজন করেছেন মুসলিম নারীরা।
লেসটার, ডার্বি এবং নটিংহামের দশ নারী শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। এদের অধিকাংশের চিত্রকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবে তাদের কাজে দক্ষতার প্রমাণ দৃশ্যমান।
দি প্রেইজ শিরোনামের এই প্রদর্শনী শেষ হয়েছে শনিবার। বেলভয়ের আর্ট গ্যালারিতে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী চলে।
এদিকে বারমিংহামের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মাইগ্রেনটদের ছবি নিয়ে বারমিংহামে চলছে একক আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রশিল্পী ভানলি বারক নিজেও একজন মাইগ্রেনট। মায়ের কাছ থেকে পাওয়া একটি ক্যামেরা তাঁকে সারাজীবনের জন্য আলোকচিত্র শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়।
আইকন গ্যালারির প্রদর্শনীতে ১৭টি ছবি স্থান পেয়েছে। কুর্দিস্তান থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছিলেন কয়ার কার্ডি। প্রথমে তিনি ইংরেজি ভাষায় কথাই বলতে পারতেন না। এখন ডার্বি এলাকার বাসিন্দা কয়ার কার্ডি একজন মার্শাল আর্ট এক্সপার্ট।
১৩ বছর বয়সে জ্যামাইকা থেকে ব্রিটেনে আসেন কলেট। তিনি আশা করেন, এ ধরনের প্রদর্শনী বিভিন্ন কমিউনিটির মধ্যে বিদ্যমান দূরত্ব কমাবে।
বারমিংহাম নগরীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ইউনিভারসিটি অফ বারমিংহাম এসব আলোকচিত্র নিয়ে বিভিন্ন স্কুলে প্রদর্শনীর আয়োজন করবে। মাইগ্রেনট ভয়েস নামের চ্যারিটি মনে করে, এসব আলোকচিত্র বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নত করবে। ৩ এপ্রিল পর্যন্ত আইকন গ্যালারিতে এই প্রদর্শনী চলবে।















