আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়াসহ বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে স্বেচ্ছায় কেউ রাশিয়ার হয়ে যুদ্ধ করতে চাইলে তাদের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদেরকে মস্কো সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বলেন, এরইমধ্যে ১৬ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই যোদ্ধারা ইউক্রেনের দনবাস এলাকায় এসে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে চায়। তিনি জানান, আবেদনগুলোর মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে এসেছে। তাদের অনেকেই ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করেছে। পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, মূলত সিরিয়া থেকেই এই যোদ্ধাদের আনা হচ্ছে।
রাশিয়ার প্রধান মিত্র রাষ্ট্রগুলোর একটি সিরিয়া। দেশটির গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছে রাশিয়া।
তার ক্ষমতা টিকিয়ে রাখতেও রাশিয়ার বড় ভূমিকা ছিল।














