সাবিনার হত্যাকারী কোচি সেলামাজের স্ত্রীর প্রতিক্রিয়া কী

    404

    ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসার হত্যাকারী কোচি সেলামাজের স্ত্রী ইয়োনেলা সেলামাজ তীব্র অপরাধবোধে ভুগছেন। ডেইলি মেইলের সাথে সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ইয়োনেলা সেলামাজের এক বন্ধু। স্বামীর এমন অপরাধ সংঘটনের কথা জেনে ইয়োনেলা ভীত-সন্ত্রস্ত অনুভব করছেন। হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পরে ইস্টবোর্ণ এলাকায় সাবিনা নেসার স্মরণে যে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, তাতেও উপস্থিত ছিলেন ইয়োনেলা সেলামাজ। সেখানে তিনি কাঁদতে কাঁদতে তাঁর বন্ধুকে বলেন, কোচি সেলামাজ যদি তাঁকে হত্যা করতো, তারপরেও এর একটা মানে খুঁজে পেতেন তিনি।

    ডেইলি মেইলে সাক্ষাৎকার দেয়া ব্যাক্তি জানান, ‘’স্মরণসভায় ঘটনাক্রমে ইয়োনেলা সেলামাজের সাথে আমার পরিচয় হয়। ইয়োনেলর বন্ধু বলেনঃ ‘’ আমার কাঁধে ভর দিয়ে তিনি কাঁদছিলেন। আমি তাঁকে আলিঙ্গন দিয়ে সান্ত্বনা দিলাম। সেদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ইয়োনেলা কেঁদেছেন। আমরা দুজন সাগরপারে হাঁটতে হাঁটতে সাগরের জলে ফুল ছিটিয়েছিলাম।‘’

    ইয়োনেলা সেলামাজ বলছিলেন, ‘’সাবিনার ওপর তাঁর রাগ কেন হলো, আমি কিছুতেই বুঝতে পারছি না। কোচি সেলামাজ সাবিনাকে হত্যা না করে আমাকে হত্যা করলে এর একটা অর্থ খুঁজে পাওয়া যেত।‘’

    ডোমিনোজ পিজ্জার ড্রাইভার কোচি সেলামাজের সাথে তিন বছর আগে বিয়ে হয় ইয়োনেলা সেলামাজের। এর আগে তাঁরা প্রেম করেছিলেন। কিন্তু দিন যতো যেতে থাকে, কোচি সেলামাজ ক্রমেই ইয়োনেলার সাথে সহিংস আচরণ করছিলেন। সাবিনা হত্যার ঘটনার কয়েক সপ্তাহ আগে কোচিকে ছেড়ে অন্যত্র চলে যান ইয়োনেলা।

    ইয়োনেলার বন্ধু ডেইলি মেইলকে জানান, ‘’কোচি তিনবার শ্বাসরোধ করার চেষ্টা করেছিল ইয়োনেলাকে। একদিন কাজ থেকে এসে কোনো কথাবার্তা ছাড়াই সে ইয়োনেলার গলা টীপে ধরে। তখন ইয়োনেলার মনে হচ্ছিল সে মারা যাবে। কিন্তু পরে কি মনে করে সে গলা থেকে হাত সরিয়ে নেয়।

    সাবিনাকে হত্যার আগে যে হোটেলে রুম বুক দিয়েছিল কোচি সেলামাজ, সেই হোটেলেই ক্লিনারের কাজ করতেন ইয়োনেলা। হোটেলেই ইয়োনেলার সাথে দেখা করে তাঁকে বিছানায় যেতে বলেছিল কোচি সেলামাজ। কিন্তু ইয়োনেলা কোচি সেলামাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইয়োনেলা বলেন, আমি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমার অজান্তে হোটেলের রুমে গিয়ে সে কিছুক্ষণ অবস্থান করে চলে যায় লন্ডনে।

    সাবিনা নেসা হত্যার নয় দিন পরে গ্রেফতার হয় কোচি সেলামাজ। এর আগে ইয়োনেলা সেলামাজে জানতেনই না পুলিশ তাঁকে খুঁজছে।

    ইয়োনেলা সেলামাজের বন্ধু এখন বলছেন, অপরাধবোধে ইয়োনেলা এখন কুঁকড়ে আছেন, কেন তিনি আরও আগে স্বামী কোচি সেলামাজের বিষয়ে পুলিশে অভিযোগ করলেন না। তাহলে হয়তো সাবিনা নেসাকে এভাবে প্রাণ দিতে হতনা। ইয়োনেলা সেলামাজের বন্ধু ডেইলি মেইলকে জানান, একজন হত্যাকারীর স্ত্রী পরিচয় দিতে এখন তাঁর লজ্জা হয়; বাইরে বেরুতেও তাঁর ভয় হয়।

    ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার ওল্ড বেইলি আদালতে সাবিনা নেসাকে হত্যার দায় স্বীকার করেছে কোচি সেলামাজ। আগামী ৭ এপ্রিল তাঁর শাস্তি ঘোষণা করবেন আদালত।