তিন হাজার মাইল দূরের সাহায্যপ্রার্থীকে যেভাবে বাঁচালো পুলিশ

316

ওয়ানবাংলানিউজ ডেস্ক: তিন হাজার মাইল দূর থেকে পুলিশের সাহায্য চেয়েছিলেন এক নারী। তাও নিজ দেশের নয়, ভিন্ন দেশের পুলিশের। তবে শেষ পর্যন্ত সাহায্য পেয়েছেন তিনি। তার ডাকে সাড়া দিয়েছে পুলিশ।

কানাডার ডারহামের বাসিন্দা ওই নারী পুলিশ কন্ট্রোল রুমের চ্যাটে নিজ বাড়িতে একজন অনুপ্রবেশকারীর হাত থেকে তাকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন। তবে ভুলবশত কানাডার ডারহামের বদলে যুক্তরাজ্যের ডারহামের পুলিশ কন্ট্রোল রুমে নক দিয়েছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, বুধবার বিকালে যুক্তরাজ্যের ডারহাম পুলিশের অনলাইন লাইভ চ্যাটে যুক্ত হন ওই কানাডিয়ান নারী। সেখানে তিনি জানান, একজন অনুপ্রবেশকারী তার বাড়িতে প্রবেশের চেষ্টা করছে।

পুলিশের লাইভ চ্যাটে তিনি লেখেন, ‘আমার সাহায্য প্রয়োজন, সে আসছে।’ তার এই টেক্সট পেয়ে ব্রিটিশ পুলিশ বুঝতে পারে ওই নারী ভুল করে কানাডিয়ান পুলিশের বদলে তাদের সাহায্য চেয়েছে। তখন তারা কানাডার অন্টারিও প্রদেশের ডারহাম আঞ্চলিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এর ৩০ মিনিটের মাথায় ওই নারীর বাসার উঠানের একটি কর্নার থেকে ৩৫ বছরের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভাঙচুর, অনুপ্রবেশ ও হামলার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর ওপর হামলা হয়েছে এবং তার চিকিৎসা প্রয়োজন।

যুক্তরাজ্যের ডারহাম পুলিশ কন্ট্রোল রুমের প্রধান ইনএসপি আন্দ্রেয়া আর্থার বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা এবং ভিকটিমের জন্য খুবই বেদনাদায়ক অবস্থা। তবে আমাদের কানাডিয়ান সহকর্মীরা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে ঘটনা সামাল দিতে সমর্থ হয়েছেন।