পূর্ব লন্ডনে ইয়ুথ সার্ভিস প্রকল্পে মেনটর হচ্ছে বাঙ্গালি কিশোর-কিশোরী

956

ওয়ানবাংলানিউজ: লন্ডনের ১০থেকে ২৪বছর বয়সের আনুমানিক ১লাখের মতো বালক, কিশোর ও তরুণ দারিদ্র, পারিবারিক নির্যাতন, বিপথগামী হওয়া, স্কুল থেকে বহিষ্কার কিংবা কেয়ার সিস্টেমের ব্যর্থতার শিকার বলে ধারনা করা হয়। অল্প বয়সের এই এক লাখ জনগোষ্ঠীকে টার্গেট করে লন্ডন মেয়র সাদিক খান নতুন একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় বিপথগামী হওয়ার ঝুঁকিতে থাকা এই তরুণদের প্রত্যেককে একজন করে মেনটর, বা পরামর্শদাতার সাথে যুক্ত করে দেয়া হবে।

সহিংস অপরাধের কারণে গত বছর লন্ডনে ৩০টি কিশোর প্রাণ ঝরে যাবার পর মেট্রোপলিটন পুলিশ এবং মেয়রের অগ্রাধিকার ভিত্তিক কাজ এখন এই পরিস্থিতি থেকে উত্তরণ।

কিশোর-তরুণদের সহিংস ঘটনায় জড়িয়ে অকালে প্রাণ হারানোর ঘটনা এড়াতে সমাধানের পথ নিয়ে যেমন আলোচনা হবে, পাশাপাশি থাকবে হস্তক্ষেপ করা এবং তরুণদের নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করা। যেমনটা চলছে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেলে অবস্থিত ওসমানী ট্রাস্টে। মাহির এবং ইকরাম উভয়ের বয়স ১৬ বছর। তাঁরা ফুটবল দলের সদস্য। তাঁরা উভয়ে মনে করে, তরুণদের নিয়ে কার্যক্রমে থাকার মধ্য দিয়ে নিরাপদ থাকা যায়।

লন্ডন মেয়র অফিস থেকে সাত মিলিয়ন পাউন্ডের বেশী অর্থ ছাড় করা হয়েছে, রাজধানীর এসকল তরুণদের প্রত্যেককে একজন করে মেনটর বা পরামর্শদাতার সাথে যুক্ত করে দিতে। ২০১০ সালের পর থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইয়ুথ সার্ভিসের বরাদ্দ ব্যপকভাবে কমিয়ে আনা হয়েছে। বাজেটের ঘাটতি এবং গত দুই বছরের মহামারি তরুণদের জীবনকে আরও দুর্বিষহ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

কিশোর-তরুণদের সুপথে রাখতে প্রকল্পের অংশ হিসেবে স্কুলের পাঠ্যসূচিতে নতুন সংযোজন এবং কাজের অভিজ্ঞতা অর্জনের ওপর জোর দেয়া হবে। স্কুল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বাড়তি সহায়তা দেয়া হবে এই প্রকল্পের আওতায়। ১৭বছর বয়স্ক আসিয়া এবং ১৬বছর বয়স্ক শাদিয়া এ-লেভেল পড়ছে। তাঁরা দুজনেই মেনটর হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। তাঁরা দুজনেই মনে করে, মেয়ে এবং নারীদের নিরাপত্তাও একটা বড় বিষয়।

গত সোমবার এনফিল্ড এলাকায় ১৮বছর বয়সের এক তরুন ছুরিকাহত হয়ে প্রাণ হারিয়েছে। এ বছর লন্ডনে এটিই প্রথম কিশোর হত্যাকাণ্ড। গত তিন বছর ধরে কাজ করছে লন্ডনের ‘ভায়লেন্স রিডাকশন ইউনিট’। এর সাথে জড়িতরা বলছেন, তাঁরা যে সেবাটি দিচ্ছেন, তা অত্যন্ত জরুরি।

লন্ডনে গত বছর ২৫ এর কম বয়সের তরুণদের মধ্যে নাইফ ক্রাইম গড়পড়তায় কমেছে। কিন্তু তারপরও ৩০টি প্রাণ অকালে ঝরে গেছে সহিংস ঘটনায়। আশা করা হচ্ছে, চলতি বছর এই পরিস্থিতির পরিবর্তন হবে।