টিকা নেওয়া পর্যটকদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

252

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রায় দুই বছর পর অবশেষে পর্যটকদের জন্য ভ্রমণ ভিসার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করা ভ্রমণকারীরা দেশটিতে ঢুকতে পারবেন। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্ত মোতাবেক করোনার সম্পূর্ণ টিকা গ্রহণ করা পর্যটকরা অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে তারা দেশটিতে ঢুকতে পারবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘প্রায় দুই বছর হয়ে গেছে আমরা অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে উন্মুখ।’

এর আগে ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া সরকার।