সিলেটে কওমি মাদারাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

230

সিলেট সংবাদদাতা :: সিলেটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কওমি মাদরাসার শিক্ষার্থীদেরও করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। ইতোমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জের কয়েকটি মাদরাসার শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে।

বর্তমানে পুরো জেলার শিক্ষার্থীদের তালিকা সংগ্রহের কাজ চলছে। তালিকা সংগ্রহ শেষে টিকা সরবরাহ করে কওমি মাদরসার সকল শিক্ষার্থীকে দেওয়া হবে টিকা।

এ বিষয়ে সিলেট জেলা সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বলেন, জেলার সকল কওমি মাদরাসার শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের জন্য প্রস্তুত হতে সরকারের পক্ষ থেকে নির্দেশেনা এসেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকও হয়েছে। এখন তালিকা সংগ্রহের কাজ চলছে। এর মধ্যে আমাদের হাতে পর্যাপ্ত টিকা চলে আসবে। এরপরই পুরোদমে কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, প্রথমে সরকারের নির্দেশনা ছিলো- স্কুল-কলেজ ও শুধু রেজিস্টার দাখিল মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদানের। এসব শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় আমাদের হাতে পর্যাপ্ত টিকা ছিলো। তাই সরকারের নির্দেশনা পাওয়ার আগেই আমরা সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জের কয়েকটি কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দিয়ে দিয়েছি। এবার সকল কওমি মাদরাসার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ে কওমি মাদ্রাসার পরিসংখ্যান জমা দিয়েছে ব্যানবেইস। তাতে দেখা গেছে, সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসা রয়েছে, যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। তবে বর্তমান জরিপ অনুযায়ী সে সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ (রোববার) ঢাকাসহ বিভিন্ন স্থানে শুধু মহিলা কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদানের কার্যক্রম চলছে। ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে আজ।

কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ (রোববার) মাদ্রাসায় টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সব কওমি মাদ্রাসায় টিকা দেয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

তিনি বলেন, এ জন্য সারা দেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।