২৫ দিনে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার ভিউ দাঁড়িয়েছে ১০ লাখ

78
২৫ দিনে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার ভিউ দাঁড়িয়েছে ১০ লাখ

বিনোদন ডেস্ক :: তরুণ নির্মাতা রুবেল আনুশের প্রথম চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিনেমাটি সেন্সর বোর্ড আটকে দিলে নির্মাতা ইউটিউবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। মুক্তির প্রথম দিনই এক লাখ পেরিয়ে যায় সিনেমাটির ভিউ। এবার ২৫ দিনে সিনেমাটির ভিউ দাঁড়িয়েছে ১০ লাখ।

গত ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সিনেমাটি। এই অর্জনে উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার সিনেমাটিকে ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন। যা আমার জন্য প্রেরণার। সিনেমাটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি সিনেমার সঙ্গে থাকুন।’

দর্শকের ভালোবাসায় মুগ্ধ পরিচালক। তা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিনেমাটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই সিনেমাটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক পেয়েছি তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস যুগাচ্ছে।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিমলা ও মামুন। এছাড়াও আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান। সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

ওয়ান বাংলা নিউজ / ২০ ডিসেম্বর ২০২১ / সুমন আহমদ