ভ্রমণে সিলেটবাসী এগিয়ে, ডিসেম্বরে পছন্দের শীর্ষে কক্সবাজার

351

সিলেট সংবাদদাতা :: দেশে সবচেয়ে বেশি ভ্রমণ করেন সিলেট বিভাগের মানুষ। অপরদিকে সবচেয়ে কম ঘুরতে যান ময়মনসিংহবাসী। আর ডিসেম্বর মাস ভ্রমণের জন্য পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকেরা কক্সবাজার, চট্টগ্রামের পতেঙ্গা ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে যেতেই বেশি পছন্দ করেন।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দেশে পর্যটকের সংখ্যা ও ভ্রমণ ব্যয়ের পরিমাণ জানা এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান সম্পর্কে বিস্তারিত জানতে এই জরিপ করা হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ার ঠিক আগে গত বছরের মার্চ মাসে জরিপের প্রক্রিয়া শুরু হয়েছিল। যারা বাইরে কোথাও ঘুরতে গিয়ে এক রাতের বেশি সময় কাটিয়েছেন, তাদেরকেই জরিপে পর্যটক হিসেবে ধরেছে বিবিএস।

বিবিএস দৈবচয়নের ভিত্তিতে দেশের মোট পাঁচ হাজার খানার ওপর জরিপটি করেছে। এর মধ্যে শহরাঞ্চলের ২ হাজার ৩৯০টি খানা ও গ্রামাঞ্চলের ২ হাজার ৬১০টি খানা।

জরিপের আলোকে বিবিএস বলছে, জিডিপিতে এখন পর্যটন খাতের অবদান ৩.২ শতাংশ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার কোটি টাকা। জরিপে সর্বোচ্চ ১৩ শতাংশ উত্তরদাতা বলেন, ভ্রমণের জন্য ডিসেম্বর মাস তাদের বেশি পছন্দ। কারণ এ মাসে পরিবেশ ও আবহাওয়া বেশি অনুকূলে থাকে। আবার শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকে। এরপর পছন্দের সময় জুন ও জানুয়ারি মাস।

এছাড়া অঞ্চলভিত্তিতে দেখা যায়, দেশ-বিদেশে সিলেট বিভাগের ১৭ শতাংশ মানুষ ভ্রমণ করে থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগের ১৫ শতাংশ মানুষ ভ্রমণ করেন। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ, যেখানকার ১৪ শতাংশ মানুষ ভ্রমণে বের হন। আর ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহের মাত্র ৬ শতাংশ মানুষ ভ্রমণ করেন।

এ জরিপ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ বলেন, জিডিপিতে পর্যটন খাতের অবদান কত, তা জানা ছিল না। জরিপের মাধ্যমে সেটি বের করা হয়েছে। এছাড়া জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পর্যটন খাতের তথ্য দেওয়ার জন্যও জরিপটি করার দরকার ছিল।

ওয়ানবাংলানিউজ / ১২ ডিসেম্বর ২০২১ / আল-আমিন