স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইপর্বে লাটভিয়াকে ২০-০ গোলে বিধ্বস্ত করে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল। এর আগে কোনো দলই এত বড় ব্যবধানে নারীদের ফুটবলের কোনো প্রতিযোগিতায় জিততে পারেনি।
এই ম্যাচে হ্যাটট্রিক করে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার অ্যালেন হোয়াইট। এ নিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ৪৬ গোল করে কেলি স্মিথকে পিছনে ফেলেছেন তিনি। লাটভিয়ার বিপক্ষে ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছেন।
হোয়াইট ছাড়াও এই ম্যাচে আরো হ্যাটট্রিক করেছেন লুরেন হেম্প, বেথ মিড ও বদলী খেলোয়াড় আলেসিয়া রুসে। এর মধ্যে হেম্প হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। স্কোরশিটে নাম লেখানো অন্য খেলোয়াড়রা হলেন এলা টুনে, জর্জিয়া স্ট্যানওয়ে, জেস কার্টার, জিল স্কট ও জর্ডান নোবস।
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে হাঙ্গেরিকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল থ্রি লায়নেন্সরা। গতকাল সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল হোয়াইট বাহিনী। আর গত মাসে এই বাছাইপর্বে স্বাগতিক লাটভিয়াকে ১০-০ গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড।
এই জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ডি গ্রুপে ছয় ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিল ইংল্যান্ড। এই ম্যাচগুলোতে ইংল্যান্ড ৫৩ গোল করলেও একটি গোলও হজম করেনি। বাছাইপর্বে তারা অস্ট্রিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে রয়েছে।
ওয়ানবাংলানিউজ / ২ ডিসেম্বর ২০২১ / আল-আমিন















