ব্রিটেনে আসছে নতুন ড্রাইভিং আইনঃ ডিভাইস ব্যবহার করলে ২শ’ পাউন্ড জরিমানা এবং লাইসেন্সে ৬ পয়েন্ট

1253

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে সড়ক নিরাপত্তা আইন আরও কঠোর করা হচ্ছে। আগামী বছর থেকে ড্রাইভারদের হাতে থাকা ডিভাইসে ভিডিও ধারণ এবং প্লেলিস্ট খোঁজা নিষিদ্ধ করা হবে।

জরুরী অবস্থা না হলে গাড়ি চালানোর সময় হাতে থাকা ফোনে কল করা বা টেক্সট করা ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করা হয়েছে।

২০২২ সাল থেকে, ড্রাইভারদের হাতে থাকা ডিভাইসে ছবি তোলা বা গেম খেলা নিষিদ্ধ হবে। এই আইন ভঙ্গকারীদের ২শ পাউন্ড জরিমানা এবং লাইসেন্সে ছয় পয়েন্ট পাবেন।

নতুন আইনে তারপরও গাড়ি চালকদের গাড়ি চালানোর সময় কিছু হ্যান্ডস-ফ্রি ডিভাইস ব্যবহার করার অনুমতি দেওয়া হবে, যেমন স্যাট-নেভ। মোবাইল ফোন, যদি সুরক্ষিতভাবে কোনো কিছুতে আটকানো থাকে, তবে সেটিও অনুমোদিত হবে।

কিন্তু এ ক্ষেত্রে ড্রাইভারদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং পুলিশ যদি দেখে এসব ড্রাইভার গাড়ির সঠিক নিয়ন্ত্রণে নেই, তবে তাদেরকে ট্রাফিক আইনে অভিযোগের সম্মুখীন হতে হবে।

গাড়ি নিয়ে স্থির দাঁড়িয়ে থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে কন্টাক্টলেস পেমেন্ট করতে গাড়ি চালকেরা ডিভাইস হাতে নিতে পারবেন। এই পরিস্থিতি শাস্তির আওতায় পড়বে না।

প্রস্তাবিত আইনে জনসাধারণের পরামর্শ গ্রহণ করেই এই আইন চূড়ান্ত করা হয়েছে। ৮১ শতাংশ উত্তরদাতারা ট্রাফিক আইনকে শক্তিশালী করার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন।