সিলেট সংবাদদাতা :: সময়ের বিবর্তন ও পাশ্চাত্য সংস্কৃতির দাপটে গ্রাম বাংলার ঐতিহ্য-সংস্কৃতি বিলুপ্তপ্রায়। আধুনিক এ যুগে গ্রামের বাড়ির উঠানে বসে না গল্পের আসর। বসে না জারি গান, যাত্রাপালা, পালা গান, কবি গান কিংবা ‘কিচ্ছা পালা’র আসর।
বিনোদনের রসদ জোগানো সেসব মানুষও হারিয়ে যাচ্ছে। যান্ত্রিকতার এ যুগে বর্ণিল সেসব বিনোদন মানুষের কাছে সেকেলে হয়ে গেছে। তবে একদিনের জন্য হলেও এ প্রজন্মের মানুষকে সেই দিনগুলোতে নিয়ে গিয়েছিল অর্গানাইজেশন অব ইয়ুথ টু সেভ হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট-ঐশী নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজার বছরের স্মৃতিঘেরা ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ির সামনে ‘গ্রামীণ কিচ্ছা পালা’র এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে এ সংগঠন। জোছনায় আলোকিত হেমন্তের এ রাতে মৃদুমন্দ বয়ে যাওয়া উত্তরী হাওয়া যেন পরিবেশকে আরেকটু উতলা করে দিয়েছিল।
এরকম মাতাল করা রাতেই পরিবেশিত হলো বাংলার হারিয়ে যাওয়া কিচ্ছা পালা। শিল্পীরা তাদের গল্প-বর্ণনার ভেতর দিয়ে পরিবেশন করলেন প্রেম, বীরত্ব, সম্মান আর নৈতিক অখণ্ডতার চমৎকার সব কিচ্ছা। দর্শকরাও মন্ত্রমুগ্ধের মতো সেসব শুনে বিমোহিত হলেন।
ব্যতিক্রম এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিন প্রফেসর খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.এফ.এম জাকারিয়া, কলেজ পরিদর্শক মো. তাজিম উদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রভাষক সাহেদ আহমদ।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মনোজ কুমার সেন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ আহমদ, আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারিনটেন্টডেন্ট হেলাল আহমদ।
ওয়ানবাংলানিউজ / ২০ নভেম্বর ২০২১ / আল-আমিন















