ঢাকা সংবাদদাতা: ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলের জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানিয়েছেন, জাহাজে বিস্ফোরণের ঘটনায় ৭ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা হলেন- ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮)। তবে ঘটনাস্থলে কামরুল ইসলাম নামে একজন মারা যান।
মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. রিপন (৪০), মো. রনি (২৭) ও আশিকুর রহমান (২৫)। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ই নভেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
এছাড়া দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।















