ঢাকা সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাতটার দিকে সরাইল উপজেলার মালিহাতা খামার বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বাসের হেলপার হবিগঞ্জ সদর উপজেলার শামসু মিয়ার ছেলে মুমিন মিয়া (৩৮), মাধবপুরের তৈয়ব উদ্দিনের ছেলে বাস যাত্রী সৈয়দ হোসেন (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আল আমিন মিয়ার স্ত্রী পারভিন আক্তার (৩৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার হাবিবুর রহমানের সন্তান নূরুন্নবী (দুই মাস)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী অগ্রদূত বাসটি মহাসড়কের মালিহাতা এলাকায় এসে সিলেটগামী একটি মাছের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকসার সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মুমিন মিয়া, যাত্রী সৈয়দ হোসেনের মৃত্যু হয়।
পরে হাসপাতালে নেয়ার পথে শিশু নূরুন্নবীও মারা যান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভিন আক্তারের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনার সময় সিএনজি চালিত অটোরিকসা ও বাসের ১০ যাত্রী আহত হন।
সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসা আটক করা হয়েছে।















