ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু

590

ঢাকা সংবাদদাতা: যানজটের মধ্যে এক ছিনতাইকারী বাসের যাত্রীর মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌড় দেয়। বাস যাত্রীরা চিৎকার করতে থাকে। বাস চালক দেখতে পান গাড়ির সামনে দিয়ে ছিনতাইকারী মোবাইল ফোন নিয়ে পালাচ্ছে। চালক তাৎক্ষণিক জানালা দিয়ে লাফ দেন। ছিনতাইকারীর পিছু নেন।

আকষ্মিক একটি চলন্ত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গাড়ি চালক নিহত হন। ছিনতাইকারী মোবাইল ফোন নিয়ে সড়ক ডিভাইডার পার হয়ে ওপারে চলে যান নিরাপদে।

এ ঘটনাটি ঘটেছে রাজধানীর কাওরানবাজারে সার্ক ফোয়ারা মোড়ে হোটেল সোনারগাঁও সংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে।

সোমবার রাত ৯ টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসের চালক এই মর্মান্তিক ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর বিহঙ্গ পরিবহনের বাসটি থেকে যাত্রীরা একে একে নেমে চলে যান। ঐ বাসের হেলপার ও সুপারভাইজারকে পুলিশ খুঁজে পায়নি। পরে পুলিশ বাসটি রেকার দিয়ে টেনে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়।

রমনা থানার এসআই আনিসুর রহমান বলেন, বাসের এক যাত্রীর বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে বাসের চালক ছিনতাইকারীর পিছু নিয়েছিলেন। এ সময় আরেকটি চলন্ত বাসের চাপায় তিনি নিহত হন। নিহতের নাম-পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এমনও হতে পারে বাসের ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে সুপারভাইজারের কথা কাটাকাটির জের ধরে যাত্রীরা চালকের ওপর চড়াও হয়েছিল। ঐ সময় বাস চালক গাড়ি ব্রেক করে আত্মরক্ষার্থে জানালা দিয়ে লাফ দেন। এতেই হয়তো অপর একটি বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘সার্ক ফোয়ারা মোড়ে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঐ সময় অন্তত ১০ মিনিট ধরে সড়কের একদিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।’