খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন টেস্টে দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেড় ঘন্টা পর খেলা মাঠে গড়িয়েছে।
স্কোর: দক্ষিণ আফ্রিকা ৫৩০/৩। ওভার: ১১৩। ব্যাটিং: হাশিম আমলা (১৩২) ও ফাফ ডু প্লেসি (১২০)।
পাঁচশ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা: ৩ উইকেট হারিয়েই পাঁচশ ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রুমে প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে আরও আক্রমণাত্মক দলটি। চার সেঞ্চুরিতে ভর করে ১০৮.১ ওভারেই পাঁচশ ছাড়াল প্রোটিয়ারা।
আমলা-ডু প্লেসিস জুটির ডাবল সেঞ্চুরি : শুক্রবার টেম্বা বাভুমা আউট হওয়ার পর জুটি বাঁধেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ইতিমধ্যে দুই শতাধিক রান তুলে নিয়েছেন। ৪৪.২ ওভার ব্যাট করে তারা দুজন এই রান তোলেন। আমলা ১১৩ ও ডু প্লেসিস ৯৮ রানে অপরাজি আছেন।
স্মিথকে ছাড়িয়ে আমলা: দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি ৪৫ সেঞ্চুরি জ্যাক ক্যালিসের। ২৭ সেঞ্চুরি নিয়ে পরের স্থানটিতে ছিলেন গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে স্মিথকে ছাড়িয়ে গেলেন আমলা। মুস্তাফিজের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৯৭ থেকে ১০১ রানে পৌঁছান আমলা। ৮৯ রানে প্রথম দিন অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁতে বেগ পেতে হয়নি বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যানকে। বাংলাদেশের বিপক্ষে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ১১৩ বলে ১৪ বাউন্ডারিতে মাইলফলকে পৌঁছান আমলা।
লাঞ্চের আগেই খেলা শুরু: সকালের এক পাশলা বৃষ্টিতে ধুয়ে যায় ব্লুমফন্টেইন। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা বৃষ্টিতে পণ্ড হবে। তবে ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। বৃষ্টি থেমেছে। মধ্যাহ্ন বিরতির আগেই শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ব্যাট-বলের লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। মধ্যাহ্ন বিরতি হবে বিকেল ৫টায়।
বৃষ্টি কমেছে: সকাল থেকে ব্লুমফন্টেইনে মুষলধারে বৃষ্টি হলেও এখন বৃষ্টি কিছুটা কমেছে। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তবে আকাশ এখনও মেঘলা। মাঠ এখনও কভার দিয়ে ঢাকা। মাঠকর্মীরা জানিয়েছে, পুরোপুরি বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতে ৬০ থেকে ৯০ মিনিটের সময় প্রয়োজন।
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব: সকাল থেকেই ব্লুমফন্টেইনের আকাশে কালো মেঘ। রাতের বৃষ্টিতে পুরো শহরটাই ধুয়ে গিয়েছিল। সকাল থেকেও অবিরাম বৃষ্টি। মানগাউং ওভালের আউটফিল্ড কভার দিয়ে ঢাকা। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে অলস সময় কাটাচ্ছেন।
কোথায় থাকবে দক্ষিণ আফ্রিকা? বাংলাদেশের বিপক্ষে টেস্ট দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান ৭ উইকেটে ৫৮৩। ২০০৮ সালে চট্টগ্রামে এ রান করেছিল প্রোটিয়ারা। ব্লুমফন্টেইনে প্রথম দিনই ৪২৮ রান তুলেছে ফাফ ডু প্লেসির দল। প্রশ্ন একটাই, ৪.৭৫ গড়ে রান তোলা দক্ষিণ আফ্রিকা কোথায় গিয়ে থামবে?
৬০০ রানের ভেতর থামানোর লক্ষ্য: বাজে বোলিংয়ে প্রথম দিনই নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন প্রথম দিনেই। দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী? অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ৬০০ রানের ভেতরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং থামানোর লক্ষ্য বাংলাদেশের।















