ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়

89

স্পোর্টস ডেস্ক :: এতদিন ভারতের তৃণমূলের ক্রিকেটারদের গড়ে তুলতে দেশটির জাতীয় অ্যাকাডেমিতে দায়িত্ব পালন করেছেন রাহুল দ্রাবিড়। এবার তাকে দেওয়া হয়েছে আরো বড় দায়িত্ব। দুই বছরের চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়েছে রাহুল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চলমান টি-২০ বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর কে কোচ হবেন সে বিষয়ে উঠে এসেছিল একাধিক নাম। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এরই মধ্যে দ্রাবিড়ের কথা হয়েছে বলে জানা গেছে। শুরু থেকেই তাকে আগামী দু’বছরের জন্য দায়িত্ব দিতে চেয়েছিলেন বোর্ড প্রধান।

ভারতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়কে আগেও দায়িত্ব দেওয়ার কথা জানা গিয়েছিল। এর আগে শ্রীলংকা সফরে শিখর ধাওয়ানদের কোচ হিসেবে গিয়েছিলেন ‘দ্য ওয়াল’। এর পরেই তাকে কোচ করার কথা ওঠে। দ্রাবিড় সে সময় রাজি হননি বলেই জানা যায়। ফলে ফের জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব নেন তিনি।

সূত্রের খবর, ভারতীয় দলের প্রধান কোচ এবং বোলিং কোচ পাল্টে গেলেও ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠৌরই থাকছেন। দ্রাবিড়ের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে ভারতীয় বোর্ড। পারিশ্রমিক হিসেবে প্রতি বছর ১০ কোটি টাকা (ভারতীয় মুদ্রা) নেবেন তিনি।

বেশ কয়েক বছর ধরে জাতীয় অ্যাকাডেমি, অনূর্ধ্ব-১৯ এবং ভারত এ দলের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। একাধিক তরুণ প্রতিভা খুঁজে এনেছেন তিনি। ভারতীয় দলের হয়ে নামার আগেই তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে খেলার জন্য তৈরি করে দিয়েছিলেন এই কিংবদন্তি। শক্তিশালী ভারতীয় দল তৈরি করতে তার উপরেই ভরসা রাখতে চলেছে বিসিসিআই।

 

ওয়ানবাংলানিউজ / ৩ নভেম্বর ২০২১ / আল-আমিন