ভারতের পারফরমেন্সে হতাশা, শেবাগ-আফ্রিদিরা

57
ভারতের পারফরমেন্সে হতাশা, শেবাগ-আফ্রিদিরা

খেলাধুলা ডেস্ক :: চলমান টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্সে হতাশ সাবেক ক্রিকেটাররা। সুপার টুয়েলভে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হবার পর নিউজিল্যান্ডের কাছেও লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে ভারত। পাকিস্তানের কাছে ১০ উইকেটে ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে হারের ধরন দেখে হতাশ ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১০ রান করে ভারত। দলের টপ-অর্ডার ব্যাটাররা সুপার ফ্লপ। লোকেশ রাহুল ১৮, ইশান কিশান ৪, রোহিত শর্মা ১৪, অধিনায়ক বিরাট কোহলি ৯ ও ঋসভ পান্থ ৯ রান করেন। শেষদিকে হার্ডিক পান্ডিয়ার ২৩ ও রবীন্দ্র জাদেজার অপরাজিত ২৬ রান ভারত কোন মতে তিন অংক পার করাতে পারে।

১১১ রানের পুঁজি নিয়ে, নিউজিল্যান্ডের উপর চাপ সৃষ্টি করতে পারেনি ভারতের বোলাররা। ৩৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এমন পারফরমেন্সে হতাশ বিরেন্দ্র শেবাগ-গৌতম গম্ভীররা। শুধুমাত্র ভারতের সাবেকরাই নন, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও কোহলিদের পারফরমেন্সে অবাক হয়েছেন। দুই ম্যাচ হেরে ভারতের সেমির পথ কঠিন হয়ে পড়েছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মতে ভারতের সেমিফাইনালে খেলা হবে অলৌকিক ঘটনা। টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো আছে। কিন্তু তারা বড় দু’টি ম্যাচে যেভাবে খেলেছে, তাতে তাদের সেমিফাইনালের টিকিট পাওয়া হবে অলৌকিক ঘটনা’।

ভারতের সাবেক ওপেনার শেবাগ টুইটারে লিখেছেন, ‘ভারতের কাছ থেকে খুব হতাশার পারফরমেন্সে। ভারতের শরীরী ভাষা ঠিক ছিল না, দুর্বল শট বাছাই করেছে তারা। নিউজিল্যান্ডের কাছে এমন হার নিশ্চিত করেছে, আমরা পরের ধাপে যেতে পারছি না’।

ভারতের আরেক সাবেক ওপেনার গম্ভীর জানান, ‘বেশিরভাগ আইসিসির টুর্নামেন্টে এমনই পারফরমেন্স করছে ভারত। কিন্তু এই ধরনের টুর্নামেন্টে আপনাকে আরো বেশি পারফর্ম করতে হয়। এবারও ব্যর্থ ভারত’।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের কাছে থেকে এটি খুবই হতাশাজনক পারফরমেন্স। ভারত এতটাই চাপ নিয়ে ফেলছিল যে মনেই হয়নি মাঠে দু’টি দল খেলছে। আমার তো মনে হয়ে মাঠে একটি দল খেলেছে সেটি হলো- নিউজিল্যান্ড। আমার কাছে ভারতকে এভাবে খেলতে দেখা সত্যিই হতাশাজনক। খুব হতাশ হয়েছি’।

ওয়ান বাংলা নিউজ / ২ নভেম্বর ২০২১ / সুমন আহমদ