আবারও হোঁচট খেল আর্জেন্টিনা

642

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবারও হোঁচট খেল আর্জেন্টিনা। লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়ে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে পয়েন্ট হারানোয় রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার শঙ্কাটা বাড়ল তাদের।

দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

ঘরের মাঠ বুয়েনেস অ্যাইরেসের এস্তাদিও মনুমেন্তালে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আর্জেন্টিনা। নবম মিনিটে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ২২তম মিনিটে বাঁ দিক থেকে ডি মারিয়ার নিচু ক্রসে দিবালা পা ছুঁইয়েছিলেন। তবে দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে তা প্রতিহত করেন ভেনেজুয়েলার গোলরক্ষক। বিরতির আগে লিওনেল মেসির শট ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে আবারও রক্ষাকর্তা গোলরক্ষক ফারিনেস।

বিশ্রাম শেষে ম্যাচের ৫০ মিনিটে এগিয়ে যায় ভেনেজুয়েলা। পাল্টা আক্রমণে বল পেয়ে সামনে এগিয়ে গোলরক্ষক সের্হিও রোমেরোর মাথার উপর দিয়ে বল জালে পাঠান জন মুরিইয়ো। তবে তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাঁ দিক থেকে আকুনার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন রলফ ফেলচার। ম্যাচের বাকি সময়ে কোনো দল আর গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দু’লকে।