বিনোদন ডেস্ক : মিয়ানমারের এক বিউটি কুইন অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের নিয়ে ভিডিও প্রকাশ করায় তার মুকুট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
রাখাইন রাজ্যে চলমান সহিংসতার ওপর একটি ভিডিও তৈরি করেন বার্মিজ সুন্দরী শয়ে এয়াইন সি। এ ভিডিওতে সহিংসতার জন্য রোহিঙ্গাদের দায়ী করেছেন তিনি। এটি গত সপ্তাহে অনলাইন পোস্ট করা হয়।
‘মিস গ্রান্ড মিয়ানমার’ টাইটেল হারিয়েছেন ১৯ বছর বয়সি শয়ে এয়াইন সি। এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান সম্প্রতি তার টাইটেল প্রত্যাহার করে নিয়েছে। অভিযোগের পর আয়োজক প্রতিষ্ঠান বলেছে, টাইটেল প্রত্যাহার করা হয়েছে শর্ত ভঙ্গের জন্য, রোহিঙ্গাদের নিয়ে ভিডিও প্রকাশ করার জন্য নয়।
হ্যালো ম্যাডাম মিডিয়া গ্রুপ ‘মিস গ্রান্ড মিয়ানমার’ শীর্ষক সুন্দরী প্রতিযোগিতার আয়োজক। রোববার এক ঘোষণায় তারা বলেছে, রোল মডেলের মতো আচরণ করতে ব্যর্থ হওয়ায় শয়ে এয়াইন সির টাইটেল প্রত্যাহার করে নেওয়া হলো।
রোহিঙ্গাদের নিয়ে ভিডিও প্রকাশ ও মুকুট প্রত্যাহারের মধ্যে একটি যোগসূত্র আছে বলে মঙ্গলবার দাবি করেন এই বার্মিজ সুন্দরী। তিনি বলেছেন, রাখাইনে আরসার সন্ত্রাসীদের নিয়ে ভিডিও তৈরি হয়েছে কিন্তু এটি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার অযোগ্যতা হতে পারে না। উল্লেখ্য, আরসা বলতে ‘আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’-কে বুঝিয়েছেন তিনি। এয়াইন সি আরো দাবি করেছেন, দেশের নাগরিক হিসেবে তিনি তার খ্যাতি জাতির জন্য সত্য বলায় ব্যবহার করতে পারেন।
এদিকে, হ্যালো ম্যাডামের পরিচালক সোয়ে ইইউ ওয়াই বিবিসিকে বলেছেন, মুকুট প্রত্যাহারের সিদ্ধান্তের সঙ্গে রাখাইনের ভিডিওর কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, ভিডিও পোস্ট করার আগেই মুকুট প্রত্যাহার করা হয়েছে।
গত বছর হ্যালো ম্যাডাম আয়োজিত ‘মিস ইউনিভার্স মিয়ানমার’ সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন এয়াইন সি। এবার তিনি মিস গ্রান্ড মিয়ানমার মুকুট জিতেছেন। চলতি মাসের শেষ দিকে ‘মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় মিয়ানমারের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার।
গত সপ্তাহে ফেসবুকে পোস্ট করা গ্রাফিক ভিডিওতে এয়াইন সি দাবি করেছেন, আরসার খিলাফত-স্টাইলের হামলা সীমা ছাড়িয়ে গেছে। ভিতিওতে ইংলিশে কথা বলেছেন তিনি। তার অভিযোগ, রোহিঙ্গা ও তাদের সমর্থকরা মিডিয়ায় প্রচারের মাধ্যমে দেখাতে চাইছে, তারা নিপীড়িত। কিন্তু তার ভিডিওতে কোথাও মিয়ানমারের সেনাবাহিনীর কথা বলা হয়নি। রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালানোর যে অভিযোগ রয়েছে, সে বিষয়েও তিনি কিছু বলেননি। তার মূল্য বক্তব্য হলো- রাখাইনে সহিংসতার জন্য রোহিঙ্গারাই দায়ী।
গত ২৫ আগস্ট কথাকথিত রোহিঙ্গা সংগঠন আরসা মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা আউটপোস্টে হামলা চালালে তাদের বিরুদ্ধে অভিযানের নামে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্বর নিপীড়ন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট করে অত্যাচার করতে থাকে। নির্মম এই পরিস্থিতির মুখে ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে এবং এখনো আসছে।
উল্লেখ্য, বিউটি কুইন হিসেবে মুকুট হারানোর দিক থেকে এয়াইন সি-ই প্রথম নন। সেপ্টেম্বর মাসে ‘মিস তুরস্ক ২০১৭’-এর বিজয়ীর মুকুট ফিরিয়ে নেওয়া হয়েছে। তুরস্কে গত বছরের ব্যর্থ সেনা অভ্যুত্থান নিয়ে একটি টুইট করায় তার টাইটেল কেড়ে নেওয়া হয়েছে। আয়োজকরা বলেছেন, এ ধরনের টুইট ‘অগ্রহণযোগ্য’।












