আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার জন্য ৫৩ জন রোহিঙ্গা মুসলিমকে বৃত্তি দিবে তুরস্ক সরকার। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে দেশটি উপ-প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু। তুর্কি বার্তা সংস্থা আনদুলু এজেন্সির এক প্রতিবেদন থেকে জানা যায়, তুরস্কের বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ, আইন, রাজনীতি ও মানববাধিকার বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে রোহিঙ্গা শিক্ষার্থীরা।
কাভুসোগলু জানান, ইতোমধ্যে তুর্কি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে রোহিঙ্গা শিক্ষার্থীরা। এছাড়া রোহিঙ্গা খাবার ও স্বাস্থ্য সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা শরণার্থী শিবিরে ভ্রামম্যাণ স্বাস্থ্য ক্লিনিক গড়ে তুলবো।’
রাখাইন রাজ্যে ২৫ আগস্ট সহিংসতার পর মিয়ানমারের সরকারি বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। হত্যার শিকার হয় শতাধিক। এই মুহূর্তে বাংলাদেশে সাত লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মিয়ানমার তাদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। কক্সবাজার ও কুতুপালংয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা।















