ভারতীয় নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক

932

ঢাকা সংবাদদাতা: বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দুই ভারতীয় নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে কাস্টমস সদস্যরা। তাদের কাছ থেকে ২৩ লাখ ৭১ হাজার ৫ শ’টাকা ও ৪ হাজার ৮ শ’ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটক নারীরা হলো-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার কৈখালি নারায়ণপুর গ্রামের আব্দুল শেখের দুই মেয়ে জোবাইদা খাতুন ( ৩৫) ও রেশমা খাতুন (৩৪)।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল বলেন, ‘গোপন সংবাদেভিত্তিতে জানতে পারি পাসপোর্টধারী দুই ভারতীয় নারী হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণ টাকা নিয়ে বাংলাদেশে ঢুকবে। জোবাইদা ও রেশমা বেনাপোল দিয়ে ঢুকে ইমিগ্রেশনের কাজ শেষ করার পর তাদের ব্যাগ স্ক্যান করা হয়। পরে তাদের ভ্যানিটি ব্যাগ ও শরীরে কৌশলে লুকিয়ে রাখা ২৩ লাখ ৭১ হাজার ৫ শ’ টাকা ও ৪ হাজার ৮ শ’ রুপি পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আমীমুল এহসান বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আটকদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, কাস্টমসের সদস্যরা ২৪ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী হুন্ডি ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছে।