টাইগাররা আরব আমিরাত যাচ্ছে রোববার

96

খেলাধুলা ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী শনিবারই আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু তা হচ্ছে না। সূচিতে এসেছে পরিবর্তন। রোববার ওমান থেকে আরব আমিরাত যাবে টাইগাররা।

শনিবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘কোভিড বিবেচনায় ৯ অক্টোবরের চার্টার্ড ফ্লাইটটি ১০ অক্টোবর পুনর্নির্ধারণ করেছে আইসিসি। এখন তিনটি দল (বাংলাদেশ, ওমান ও শ্রীলঙ্কা) একই ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে।’

রোববার সন্ধ্যায় ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতর বিমানে উঠবে বাংলাদেশ দল। ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিমান ছাড়ার সূচি রয়েছে। যাত্রা পিছিয়ে যাওয়ায় সোমবার অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার গিয়ে সোমবার কোয়ারেন্টিন করে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এক দিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবারও ওমান ফিরবে বাংলাদেশ। ১৬ অক্টোবর অনুশীলনের পর ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।