টাওয়ার হ্যামলেটসের তরুণরা কোথায় যাবে?

232

ওয়ানবাংলা নিউজ: গত এক দশকে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ইয়ুথ সার্ভিসের বাজেট অর্ধেক কেটে ফেলা হয়েছে। ক্যাম্পেইনাররা বলছেন, এর ফলে সহিংসতা থেকে যেসকল কিশোর-তরুণ নিজেদের দূরে রাখার চেষ্টা করছে, কিংবা যারা একটা ভালো স্থানে সময় কাটাতে চায়, তাদের জন্য অনুকূল পরিবেশ পাওয়া কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশি অধ্যুষিত কাউন্সিল টাওয়ার হ্যামলেটসে গত এক দশকে ইয়ুথ সার্ভিসের বাজেট কমানো হয়েছে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড।

ক্যানারিওয়ার্ফ এলাকায় দুনিয়ার বড় বড় ব্যাঙ্কের ঝকমকে সুউচ্চ ভবনগুলোর কাছাকাছি অবস্থিত এই ইয়ুথ সেন্টারের ভবনটি হওয়া উচিত ছিল আরও সুন্দর। কিন্তু ভাঙ্গাচুরা এই ভবনেও যেসব কাজ হয়, তা থেকে অতীতে অনেকে উপকৃত হয়েছে।

এই ইয়ুথ সেন্টারটির ভেতরে রয়েছে একটি মিউজিক স্টুডিও। এই স্টুডিওটি গ্যাব্রিয়েলের অনেক কাজে লাগে। সে জানিয়েছে, এই সেন্টারে যারা চাকুরী করে, তাদের কারণে অনেক পরিবর্তন সাধিত হয়েছে।

কিন্তু এই ইয়ুথ সেন্টার পরিচালনায় পরিবর্তন আসছে। এখানকার স্টাফরা তাদের চাকুরী হারাচ্ছেন এবং ইয়ুথ সেন্টারটি সাপ্তাহিক খোলা রাখার সময় ২৭ ঘণ্টা থেকে কমিয়ে ১২ ঘণ্টা করা হচ্ছে।

ইংল্যান্ডে অন্যতম দরিদ্র বারা হচ্ছে টাওয়ার হ্যামলেটস। লন্ডনের অন্য অনেক কাউন্সিলের মতো এখানেও কিশোর-তরুণদের মধ্যে সহিংসতায় জড়ানোর প্রবণতা একটি বড় সমস্যা। কিন্তু ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এই কাউন্সিলে ইয়ুথ সার্ভিসের বাজেট অর্ধেক কমিয়ে ফেলা হয়েছে। ২০১০ সালের দিকে টাওয়ার হ্যামলেটসে ইয়ুথ সার্ভিসের বার্ষিক বাজেট ছিল ৭ মিলিয়ন পাউন্ডের বেশী। আর এখন ২ মিলিয়নের কিছু বেশী।

যারা স্কুলের ক্লাস শেষে কোথাও গিয়ে একটা ভালো সময় কাটাতে চায়, তাদের সুযোগ দিনে দিনে সংকোচিত হয়ে আসছে।