আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে দুর্বৃত্তদের গুলিতে এক বিজেপি নেতা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম খবর দ্য হিন্দু।
নিহতের নাম রাকেশ পণ্ডিত। বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই বিজেপি নেতা মুসতাক আহমেদ নামে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে ৩ দৃর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিতে ঘটনাস্থলেই রাকেশ নিহত এবং তার বন্ধুর মেয়ে আসিফা মুসতাক গুরুতর আহত হয়েছেন। আসিফার অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ওই হামলার তীব্র নিন্দা এবং নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানান।
নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে।















