খেলাধুলা ডেস্ক: প্রথমবারের মতো সিরিজ জিতেই হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। ২-০ হলে ৩-০ নয় কেন? সেই স্বপ্ন দেখাই স্বাভাবিক।
আজ তাদের হোয়াইটওয়াশ করলে তা হবে সোনায় সোহাগা। সেই সঙ্গে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট পাওয়া যাবে। এই সুযোগ কেন ছাড়বেন তামিম ইকবালরা?
শেষ ম্যাচেও যদি পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারে টাইগাররা, তাহলে সুপার লিগে নিশ্চিত অনেকদুর এগিয়ে থাকবে তামিম ইকবালের দল।
তাছাড়া আজ এই ম্যাচটি জিতলে দেশের মাটিতে টানা তিনটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করারও গৌরব অর্জন করা যাবে।
তামিম সে ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তামিম ইকবাল জানিয়ে দিয়েছিলেন, সিরিজ জিতলেও এখনও অনেক কাজ বাকি।
মিরপুর শেরে বাংলার পিচে ব্যাট করা এখনো শিখতে পারছে না শ্রীলংকা। মিরাজের ঘূর্ণি আর মোস্তাফিজের কাটারে পরাস্ত হচ্ছে বারংবার।
ওয়ানিদু হাসারাঙ্গাই কেবল সর্বোচ্চ রান সংগ্রাহক দলটির। তার ব্যাট থেকে এসেছে ৮০ রান। তাও তার এই সর্বাধিক রান এসেছে ৮ নম্বরে ব্যাট করতে নেমে। অর্থাৎ সিরিজের প্রথম দুই ম্যাচে টপ অর্ডার, মিডল অর্ডার এমনকি লেট মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ।
লঙ্কান কোচ মিকি আর্থার খুঁজেই পাচ্ছেন না কেন তার দলের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছেন না।
তাই হোয়াইটওয়াশ এড়ানো বিশাল চ্যালেঞ্জই বটে সফরকারীদের জন্য।
এই বিষয়টা ভীষণ ভাবাচ্ছে সনথ জয়সুরিয়াকে। শ্রীলংকা সিরিজ হেরেছে, এটা মেনে নিতে পারছেন না ‘মাতারার হারিকেন’। হোয়াইটওয়াশ হলে মান-সম্মান যাবে! মুখ দেখাবেন কী করে? টুইটারে জয়সুরিয়া লিখেছেন, ‘শ্রীলংকার সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসাবে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও।’
সব দুপুর ১টায় জয়সুরিয়ার মান-সম্মান বাঁচাতে শেরে বাংলায় মাঠের লড়াইয়ে বাংলাদশের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা।















