সৌদিগামী যাত্রীদের জন্য বিমানের নির্দেশনা

601

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে যেতে যাত্রার ৭২ ঘণ্টা আগেই কোয়ারেন্টিন হোটেলের প্যাকেজ নিশ্চিত করতে হবে। সৌদিতে পৌঁছার ৭২ ঘণ্টার মধ্যে করোনার নমুনা পরীক্ষা ও সনদ নিতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।

কোয়ারেন্টিন প্রযোজ্য নয় যাঁদের
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অনাবাসিক (নন–রেসিডেন্ট) এবং প্রথমবারের জন্য দর্শনার্থীরা যাঁরা কোভিড-১৯–এর টিকার উভয় ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ১৪ দিন শেষ করেছেন, তাঁদের সৌদি আরবে পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে যাত্রার সময় অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা নেওয়ার প্রমাণপত্র বা সনদ সঙ্গে রাখতে হবে। এ ছাড়া আবাসিক (রেসিডেন্ট) বা ইকামা ধারক, যাঁরা সৌদি আরব থেকে তাওয়াকল্লা অ্যাপের মাধ্যমে আবেদন করে কোভিড-১৯–এর প্রথম বা দ্বিতীয় (উভয় বা যেকোনো একটি) টিকা নিয়েছেন এবং যাঁদের অবস্থান অ্যাপে (Immune) অবস্থায় আছে, তাঁদের সৌদি গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে না।