পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী দেশ’ আখ্যা দিলো আমেরিকা

642

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী দেশ’ হিসেবে আখ্যা দিলো মার্কিন সিনেট। শুক্রবার মার্কিন সিনেটে পাক সরকারের তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। তাতে পরিষ্কার বলা হয়েছে, সন্ত্রাসবাদী তকমা পাওয়া এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা সব জঙ্গি সংগঠনের কাজকর্ম বন্ধ করতে হবে পাকিস্তানকে।

শুক্রবার রিপাবলিকান সিনেটর বব করকার দু’দেশের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, পাকিস্তান এখনো পর্যন্ত জঙ্গিগোষ্ঠীগুলোকে মদদ দিয়ে যাচ্ছে। দেশটি জঙ্গিদের অবাধ বিচরণের স্বর্গ হয়ে উঠছে। মার্কিন ড্রোন যাতে জঙ্গিদের নাগাল না পায় সে ভাবেই নিরাপদে তাদের রাখা হচ্ছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা পাকিস্তানকে অপমানজনক ভাষায় আক্রমণ করে বলেন, পাকিস্তান যদি জঙ্গি তৎপরতা বন্ধ না করে তাহলে তাদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আমেরিকার কাছ থেকে পাকিস্তানের প্রাপ্য সব আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ রাখা হবে।

সিনেটররা বলেন, মার্কিন সাহায্য বন্ধ হলে পাকিস্তান সৌদি আরব বা চীনের কাছে ভিক্ষার পাত্র নিয়ে ছোটাছুটি শুরু করবে। কিন্তু জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ করবে না।

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে সম্প্রতি ৩০০ মিলিয়ন ডলার প্রাপ্য মার্কিন সাহায্য দেয়া হয়নি। আরো সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। কিছুদিন আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পিকার মার্ক টোনার জানিয়েছেন, ‘পাকিস্তানকে কোনো সহযোগিতার প্রশ্নে আমরা নেই’। এখনই ইসলামাবাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে না মার্কিন প্রশাসন। তবে অদূর ভবিষ্যতে যে ভাবা হবে না, এমনটাও বলেননি তিনি।