ঢাকা সংবাদদাতা: পাবনার বেড়া উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা।
সোমবার রাতে উপজেলার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ মণ্ডল (২০) রামনারায়ণপুর গ্রামের হাশমত মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মিরাজ মণ্ডল ঢাকায় কাজ করতেন। সম্প্রতি তিনি ঈদের ছুটিতে বাড়ি ফেরেন।
এর আগে তিনি সাঁথিয়া উপজেলার একটি ইটভাটায় কাজ করতেন।
সোমবার রাতে মিরাজ রামনারায়ণপুর গ্রামে তার বাড়িতেই ছিলেন। এ সময় চরমপন্থী দলের জুলহাস বাহিনীর ৩-৪ জন মিরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রামনারায়ণপুর গ্রামের নাদের বেপারির বাড়ির কাছে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়।
আমিনপুর থানার ওসি এমএম তাজুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।















