রেস্তোরাঁর বারান্দায় গিয়ে লাশ কাজী ফার্মসের এজিএম

603

ঢাকা সংবাদদাতা: রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ এলাকায় একটি বহুতল ভবনে থাকা রেস্তোরাঁর বারান্দায় যাওয়ার পর ‘পড়ে গিয়ে’ নিহত হয়েছেন কাজী ফার্মসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ রিয়াজ সুলভ (৩০)।

আজ শনিবার বেলা ৩টার দিকে সাত মসজিদ রোডের ‘নস্টালজিক ক্যাফে’ নামের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি জানিয়ে বলেন, দুপুরের দিকে শাহ রিয়াজ ভবনটির ১০ তলায় ওই রেস্তোরাঁয় যান। খাওয়া শেষে বারান্দায় যাওয়ার পর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ভেতরে না ফেরায় কর্মচারীরা বারান্দায় যান। এরপর কর্মচারীরা দেখেন, রিয়াজ ভবনের নিচে পড়ে রয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।