ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউর নির্দেশনা দেয়নি সরকার

598

ঢাকা সংবাদদাতা: সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউর বিষয়ে সরকারপক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

আজ রোববার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা জানান।

চীন থেকে ফেরার পর ষোড়শ সংশোধনীর রিভিউয়ের বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘সরকার থেকে আমার কাছে এখনো কোনো ইন্সট্রাকশন আসেনি।’

এর আগে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশে ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ দিনের জন্য স্ত্রী বেগম বিনতা মাহবুবসহ চীন সফর করেন অ্যাটর্নি জেনারেল।

গত ১৮ আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, এই রায়ের বিষয়ে পড়া হচ্ছে, ভালোভাবে পড়ে, পরীক্ষা করে রিভিউ আবেদন করা হবে। এ জন্য সময় লাগছে।

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন।